leadnewsঅপরাধ

মাদকসহ শ্যামপুর-মিরপুরে আটক ২৪

শ্যামপুর ও মিরপুরের পাইকপাড়ায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ২৪ জনকে আটক করেছে পুলিশ। চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে শ্যামপুরে ও মঙ্গলবার দুপুরে পাইকপাড়ায় সম্মিলিত অভিযান চালানো হয়। এতে সংশ্লিষ্ট থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও ডগ স্কোয়াড অংশ নেয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ওবায়দুর রহমান জানান, শ্যামপুরের আইজিগেট বস্তি, কটন মিল ও আশপাশ এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ১০ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা, ৪১০ গ্রাম হেরোইন, ৫ বোতল ফেন্সিডিল ও ৫০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

আর মিরপুরের পাইকপাড়া পোড়াবাড়ি বস্তি ও আশপাশ এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ১৪ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩০৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫০ গ্রাম গাঁজা ও ৬২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওবায়দুর রহমান।