ছাত্রদল নেতা শাওন হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন
তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে প্রকাশ্য দিবালোকে উপজেলা ছাত্রদল নেতা রাসেদুল হাসান শাওন হত্যার সাথে জড়িত খুনির ফাঁসির দাবি ও হত্যা কান্ডের ইন্দনদাতাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে বাউফল সরকারি কলেজের সামনে ওই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। বাউফল উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ওই মানববন্ধনে উপজেলা ছাত্র দলের সভাপতি সাইফুল ইসলাম ঝুরান, সাধারণ সম্পাদক খন্দাকার আহসান উদ্দিন, সিনিয়র সহসভাপতি সফিকুর রহমান শিমুল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহীন রেজা, ছাত্রদল নেতা তৌসিকুর রহমান রাফা ও মারজান বিন জাহাঙ্গীর বক্তব্য রাখেন।
এর আগে বিলবিলাস এলাকাবাসীরা একই দাবীতে বেলা ১১টায় বিলবিলাস বাজার সড়কের সামনে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার আহসান উদ্দিন, ছাত্রদল নেতা মুজাহিদ মুন্সি, বাউফল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ হাবিব, বাউফল ইউনিয়ন যুবদলের সভাপতি জিএম নুরুল ইসলাম, বাউফল ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানবীরুল ইসলাম কোয়েল ও নিহতের বড় ভাই রাকিবুল হাসান সাগর খন্দকার বক্তব্য রাখেন। বক্তারা এ সময়ে শাওন হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবী জানান।
উল্লেখ্য, গত ২৪ আগষ্ট বিলবিলাস বাজারে বেলা ১১ টার দিকে শাওনকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে রাজীব রাজা নামে এক যুবক। পরে উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে শাওনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এর কয়েক ঘন্টার মধ্যেই স্থানীয়দের সহায়তায় ঘাতক রাজীব রাজাকে গ্রেপ্তার করেপুলিশ। পরে হত্যাকারী রাজীবসহ আরো ৪/৫ জনকে অজ্ঞাতনামা করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহত শাওন গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারী কলেজের এম.এ প্রর্থম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
