leadnewsডেমরা

গোপন বিয়ে পরিবার না মানায় শিক্ষার্থীর আত্মহত্যা

গোপন বিয়ে স্বামীর পরিবার মানতে রাজি না হওয়ায় ক্ষোভ-অভিমানে রাজধানীর ডেমরায় আত্মহত্যা করেছে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু এক ছাত্রী।

বুধবার রাত আনুমানিক ৮ টার দিকে পশ্চিম ডগাইর আইডিয়াল রোডের মফিজউদ্দিন সরকারের বাসায় সিলিং ফ্যানে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

নিহত রিমা ওই বাসার ভাড়াটিয়া পিরোজপুরের জিয়ানগর থানার খোলপটুয়া গ্রামের মো. ইউনুসের মেয়ে।

এদিকে খবর পেয়ে রাতেই ডেমরা থানা পুলিশ মেয়েটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিডফোর্ট হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করে।

স্থানীয়রা জানান, মেয়েটির সঙ্গে পশ্চিম ডগাইর ভুট্টু মিয়া রোডের জুলহাসের ছেলে ইয়াছিনের সঙ্গে ১ বছর প্রেমের সম্পর্কের পর ২ বছর আগে গোপনে বিবাহ হয়।

তবে এ বিবাহ মেনে নেয়নি ইয়াছিনের পরিবার। এমনকি মেয়ের বাসা থেকে বিবাহের কাগজপত্র জোর করে নিয়ে যায় ইয়াছিন।

এদিকে গত এক সপ্তাহ ধরে তাদের বিয়ের বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া চলছিল বলে প্রতিবেশীরা জানায়।

গত ৩ দিন আগেও ইয়াছিনের মা সুফিয়া নামের এক মহিলাকে সঙ্গে নিয়ে জনসম্মুখে মেয়েটির বাসায় এসে তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং আত্মহত্যার প্ররোচনা দেয়। পরবর্তীতে এ অপমান সইতে না পেরে লোকলজ্জায় মেয়েটি আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয় বলে জানা গেছে।

এদিকে লাশ উদ্ধারের সময় মেয়েটির লেখা চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, মৃত রিমা এ বছর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে এইচ.এস.সি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাশ করেছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য গত মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও জগন্নাথ বিশ্ববিদ্যায়ে ভর্তি পরীক্ষা দিয়েছে।

এ বিষয়ে ডেমরা থানার ওসি এস এম কাওসার বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে মেয়েটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

আমি মনে করি এটি একটি গুরুতর অপরাধ। মেয়েটির পরিবার চাইলে প্রতারক ইয়াছিনের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।