ডেমরায় বৃদ্ধের রহস্যজনক মৃত্যু
ডেমরা প্রতিনিধি:ডেমরায় মো. গনি মিয়া (৭০) নামে ডিউটিরত অবস্থায় এক নৈশ প্রহরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার রাত ১ টার দিকে সারুলিয়ার তিতাস গ্যাস অফিস সংলগ্ন বিল্লাল আয়রন ষ্টীল নামে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। তিনি ওই প্রতিষ্ঠানের নৈশ প্রহরী হিসেবে নিয়োজিত ছিলেন। এদিকে খবর পেয়ে মৃতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে (মিডফোর্ট) পাঠায় ডেমরা থানা পুলিশ। মৃত গণি মিয়া জামালপুরের সদর থানার রশিদপুর গ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে। তিনি ডেমরার পূর্ব বক্সনগর কালা হাশেমের বাড়ীর ভাড়াটিয়া ছিলেন। এ বিষয়ে মৃতের খালা শাশুরি রহিমা বেগম বৃহস্পতিবার সকালে ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গনি মিয়া মৃগী রোগে আক্রান্ত ছিলেন। গত ২ বছর আগে তার স্ত্রী অন্যত্র চলে গেছেন। তার দুই ছেলেও থাকে অন্যত্র। এই বৃদ্ধ বয়সে তাকে দেখবাল করার কেউ না থাকায় তিনি চাকুরি করতেন।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, বুধবার রাতে গণি মিয়া দায়িত্ব পালনের সময় ওই প্রতিষ্ঠানের সামনে মৃত অবস্থায় পড়েছিলেন। কি কারণে তার মৃত্যু হয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। তাই ময়না তদন্তের রিপোর্টে এ মৃত্যুর আসল রহস্য বের হবে।
