leadnewsআন্তর্জাতিক

রাশিয়ায় বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪১

রাশিয়ার মস্কোর সেরেমেতেভো বিমানবন্দরে যাত্রীবাহী বিমানে আগুন লাগার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। ভয়াবহ ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। নিহতদের মধ্যে দুইজন শিশুও ছিল। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, সুপারজেট ১০০ বিমানটি ৭৮ জন যাত্রী ও পাঁচজন ক্রু নিয়ে মস্কোর শেরিমেতভো বিমানবন্দর থেকে মুরমানস্কা অভিমুখে যাচ্ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পর ত্রুটি দেখা দেয়ায় মস্কো বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করেন পাইলট। কিন্তু এর আগে মধ্য আকাশে থাকার সময়ই আগুন লেগে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা যাচ্ছে, দুর্ঘটনার পর বিমানটি থেকে কালো ধোঁয়া বের হতে। তবে এর মধ্যে বিমান থেকে বের হওয়ার জরুরি নির্গমন পথ দিয়ে যাত্রীদের অনেককে বেরিয়ে আসতে দেখা গেছে।

বেঁচে যাওয়া এক যাত্রী বলেন, ‘যারা বেঁচে গেছেন। তাঁরা অলৌকিক ভাবে বেঁচে ফিরেছেন।’

এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, জরুরি অবতরণের পর রানওয়েতে বিমানটির ইঞ্জিনে আগুন ধরে যায়। বিমানে ক্রুরা যাত্রীদের বাঁচাতে যথাসাধ্য চেষ্টা করেছে। যাত্রীদের উদ্ধারে তাঁরা মাত্র ৫৫ সেকেন্ড সময় পেয়েছিল।

আগুনে বিমানটির পেছনের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এতো বড় অগ্নিকাণ্ড কীভাবে লাগলো বা কেনো বিমানটি জরুরি অবতরণ করতে চেয়েছিল সেটি এখনও জানা যায়নি।