leadnewsডেমরা

ডেমরায় গৃহবধূর আত্মহত্যা

ডেমরা নিউজঃ :ডেমরায় মা বাবার সঙ্গে অভিমান করে মোছা. মনামীজামান ইমা (২৪) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোবাবার দিনগত রাত ১০টার দিকে ডেমরার কোনাপাড়া কালাম ম্যানশনের ষষ্ঠ তলা থেকে মৃতের লাশ উদ্ধার করেছে পুলিশ। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য রাতেই লাশ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে মৃতের বাবা সোমবার দুপুরে ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

মৃতের পরিবারের বরাত দিয়ে এ বিষয়ে ডেমরা থানার অপারেশন অফিসার মো. নূরে আলম সিদ্দীকি বলেন, ইমার পরিবার ৬ বছর যাবত কোনাপাড়ায় ভাড়া থাকেন। গত দেড় বছর আগে পারিবারিকভাবে ইমার বিয়ে দেওয়া হয়েছিল। পরে কিছুদিনের মধ্যেই তিনি পড়াশোনার জন্য ভারতে চলে যান। সেখানে অন্য একটি ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এদিকে গত দেড় মাস আগে ইমা দেশে এসে পরিবারের সঙ্গে বসবাস করতে থাকেন। এ সময় তার নতুন সম্পর্কের বিষয়টি পরিবারের জানাজানি হলে ইমা ওই ছেলের সঙ্গে তার মা বাবাকে কথা বলতে বলেন। এ নিয়ে প্রায়ই ঘরে ঝগড়া বিবাদ করতেন ইমা। ওই ধারাবাহিকতায় রোববার রাতে ইমা তার ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। ময়না তদন্ত রিপোর্ট বের হলে মৃত্যুর আসল রহস্য বের হয়ে যাবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।