leadnewsজাতীয়

অপরাজনীতির কারণেই বিএনপিকে প্রত্যাখ্যান: প্রধানমন্ত্রী

বিএনপি-জামায়াত দেশে অপরাজনীতি করেছে এবং সেই কারণেই দেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। মনোনয়নবাণিজ্যের কারণে গত নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে বলেও মনে করেন তিনি।

সোমবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।

প্রধানমন্ত্রী জানান, ২০০৮ সালের নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তুলেনি। সেই নির্বাচনে বিএনপি মাত্র ২৮টি সিট পায়। আওয়ামী লীগ সেখানে এক তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায়। ২০১৪ সালে নির্বাচন বর্জন করা বিএনপি ২০১৮ সালের নির্বাচনে অংশ নিলেও তাদের প্রস্তুতির অভাব ছিল। এছাড়া যারা তিনশ সিটের জন্য সাতশজনকে মনোনয়ন দেয় তারা কীভাবে ভোট পাবে সেই প্রশ্নও তোলেন শেখ হাসিনা।

আওয়ামী লীগ সভাপতি জানান, গত নির্বাচনের আগে দেশি বিদেশি সব জরিপে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে সেটা বোঝা যাচ্ছিল। গত ১০ বছরে অভূতপূর্ব যে উন্নয়ন করেছেন সে কারণেই জনগণ তাদেরকে টানা তৃতীয়বারের মতো বেছে নিয়েছে বলে মনে করেন বঙ্গবন্ধু কন্যা ।ঢাকা টাইমস ।