আনসারুল্লাহর চার জঙ্গি’গ্রেপ্তার
রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব সদরদপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার ঢাকার কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টার এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করার কথা জানিয়েছেন তিনি।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত ২টার দিকে র্যাব-১ এর একটি দল উত্তরা এলাকায় অভিযান চালায়। এসময় আনসারুল্লাহর চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের এক সংক্ষিপ্ত বার্তায় বলা হয়, ‘দেশের সম্মানিত ব্যক্তিবর্গ এবং অনলাইন অ্যাক্টিভিস্টদের হত্যা চেষ্টা পরিকল্পনার সঙ্গে যুক্ত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের চার সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-১।’
২০১৫ সালের মে মাসে আনসারুল্লাহ বাংলা টিমকে সরকার নিষিদ্ধ ঘোষণা করে। ২০১৭ সালের মার্চে ‘আনসার আল ইসলামের’সব ধরনের কর্মকাণ্ডও সরকার নিষিদ্ধ ঘোষণা করে।
