leadnewsজাতীয়

ঐক্যফ্রন্টকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা সম্পন্ন করায় জাতীয় ঐক্যফ্রন্টকে ধন্যবাদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে গণভবনে সরকারবিরোধী জোটটির সঙ্গে দ্বিতীয় দফা সংলাপের সূচনা বক্তব্যে ঐক্যফ্রন্টকে ধন্যবাদ দেন সরকারপ্রধান।

গত ১৩ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর সিলেট ও চট্টগ্রামে সমাবেশ করে এই জোট। তবে রাজধানীতে তারা প্রথম সমাবেশ করে গতকাল মঙ্গলবার। আর সরকারবিরোধী এই জোটটি তাদের কর্মসূচি সম্পন্ন করে সুষ্ঠুভাবেই।

সকালে গণভবনে ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী সুষ্ঠুভাবে সমাবেশ করায় ঐক্যফ্রন্ট নেতাদের ধন্যবাদ জানান।

সকাল ১১টায় দ্বিতীয় দফার এই সংলাপ শুরু হয়েছে। এতে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে ১১ জন অংশ নিয়েছেন।

সংলাপে অংশ নিতে সকাল সাড়ে ১০টা থেকে ঐক্যফ্রন্টের নেতারা গণভবনে ঢোকেন। এর আগে মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় ঐক্যফ্রন্টের নেতারা জানান, সংলাপে সমঝোতা না হলে ৮ নভেম্বর ঢাকা থেকে রোডমার্চ করে ৯ নভেম্বর রাজশাহীতে জনসভা করবেন।

গণভবনে ঢোকার আগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমদ বলেন, সংবিধানের বাইরে কোনো দাবি মানা হবে না।

গত ১ নভেম্বর ঐক্যফ্রন্টের সঙ্গে প্রথম দফা সংলাপ অনুষ্ঠিত হয়। সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, নির্বাচন কমিশন পুনর্গঠন, খালেদা জিয়াসহ সব রাজবন্দীর নিঃশর্ত মুক্তিসহ সাত দফা দাবি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতাসীন জোটের সঙ্গে সংলাপ করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।