করোনা : নতুন শনাক্ত ২১৯ জন, গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু হয়েছে। দেশের নতুন করে আরও ২১৯ জন রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত মোট ৫০ জন আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছেন। মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৩১ জন। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এ নিয়ে ৪৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেল।
ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে ৫০ বছর বয়সী একজন চিকিৎসক রয়েছেন। মৃতদের তিনজন পুরুষ এবং একজন মহিলা। এদের মধ্যে ২ জনের বয়স সত্তরোর্ধ্ব। অপর একজন ৩৫ থেকে ৪০ বছর বয়সী, যিনি করোনার পাশাপাশি ক্যান্সারে আক্রান্ত ছিলেন ল।
ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা সংখ্যা কম হওয়ার কারণ হিসেবে জানানো হয়, একটি টেস্ট সেন্টারের রিপোর্ট এখনো আইইডিসিআরের হাতে এসে পৌঁছায়নি।
ব্রিফিংয়ে আরও বলা হয়, সব জেলা ও উপজেলা পর্যায়ে ৪৮৮ টি প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত আছে। যা যেকোনো সময়ে কার্যক্রম শুরু করতে পারবেন। এসব প্রতিষ্ঠানে ২৬ হাজার ৩৫২ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা সম্ভব।
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৭২ হাজার ২০০টি পিপিই বিতরণ করা হয়েছে। এখন পর্যন্ত ৪ লাখ ৫৮ হাজার ৩২২টি পিপিই মজুদ আছে।
