কোলাকুলি করে নূরকে বরণ করে নিল ছাত্রলীগ
কোলাকুলি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত ভিপি নুরুল হক নূরকে বরণ করে নিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক শোভন।
নেতাকর্মীদের নিয়ে মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যলয়ের টিএসসির মিলনায়তনে প্রবেশ করেন শোভন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ আন্দোলনের নেতা ও নবনির্বাচিত ভিপি নূর এবং বিরোধী বিভিন্ন জোটের নেতাকর্মীরা।
টিএসসির মিলনায়তনে নূরকে পেয়ে জড়িয়ে ধরেন শোভন। কোলাকুলি করেন। এসময় উভয়ে হাস্যোজ্জ্বল ছিলেন।
এসময় ছাত্রলীগ সভাপতি শোভন গণমাধ্যমকে বলেন, আমি ভিপি নির্বাচিত হইনি তাতে কি হয়েছে? নতুন ভিপির কাজে সব শিক্ষার্থীদের সহযোগিতা করতে হবে। তেমনি নূরকেও সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে।
তিনি বলেন, ভিপি নূর হলো আমার ছোট ভাই। ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এক সাথে ভাইয়ের মত চলব। সাধারণ শিক্ষার্থীদের যেকোনো বিষয়ে নূর ও আমি ভাইয়ের মত হয়ে কাজ করে সমাধান করব।
এ সময় ভিপি নূর বলেন, ছাত্রলীগ আমাকে অভিনন্দন জানিয়েছে। আমি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই।
তিনি বলেন, ক্লাস-পরীক্ষা বর্জনের যে ঘোষণা দিয়েছিলাম, সেটা প্রত্যাহার করে নিলাম।
তিনি বলেন, হামলার বিষয়ে ছাত্রলীগ সভাপতি সাংগঠনিক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয় সেটা আমরা দেখবে।
এর আগে দুপুরে শোভনের অনুরোধে ঢাবি ভিসির বাসভবনের সামনে আন্দোলনরত ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি তুলে নেন।
এসময় শোভন বলেন, ‘ছাত্রলীগ দেশের সবচেয়ে বড় সংগঠন। আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করতে চাই না। ডাকসু নির্বাচন যারা পরিচালনা করেছেন, তারা আমাদেরই শিক্ষক। তাদের প্রতি সম্মান দেখিয়ে আমি আমার পরাজয় মেনে নিচ্ছি। তারা যে সিদ্ধান্ত দিয়েছেন, মাথা পেতে নিচ্ছি।’
নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা আমার পরাজয়ে ব্যথিত হয়েছো। আমার জন্যই আন্দোলন করতে চাও। আমিই তোমাদের বলছি— তোমরা হলে ফিরে যাও। ক্লাস-পরীক্ষায় অংশ নাও।’
