leadnewsডেমরা

ডেমরায় অপহরণ মামলা তুলে নিতে বাদির পরিবারকে হুমকি

ডেমরা নিউজঃ ডেমরায় মেয়ে অপহরণ মামলা তুলে নিতে বাদিকে
প্রাণনাশের হুমকিসহ তার পরিবারকে হুমকি ও নানা ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গত ৫ জানুয়ারী মঙ্গলবার অভিযুক্তরা কোনাপাড়া আল আমিন রোডের চুঙ্গী পাড়ায় এ হুমকি দিয়েছেন। এ ঘটনায় গত ৬ জানুয়ারী ওই মামলার বাদী অপহৃতের মা ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এ বিষয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন।
ডেমরা থানা ও অপহৃতের পরিবার সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে অপহরণ হয় দশম শ্রেনীর এক ছাত্রী। এ ঘটনায় গত ১৪ নভেম্বর অপহৃতের মা বাদী হয়ে ডেমরা থানায় অভিযুক্ত ইমন ওরফে জিংকু(২২) সহ সহযোগী ৭ জনের বিরুদ্ধে মামলা করেন।মামলার অন্য আসামীরা হলেন তানিয়া (২৮),আল আমীন (২৯), সাজু বেগম (৫০) রফিকুল ইসলাম (৪০), কামরুল আহসান (৪৫) ও ফয়জুল ইসলাম ফয়েজ (৪০)। পরবর্তীতে ডেমরা থানা পুলিশ সহযোগী আল আমিন ও কামরুল আহসানকে গ্রেফতার করে আদালতে পাঠায়। এদিকে গত ২২ নভেম্বর অপহৃকেও উদ্ধার করে আদালতের নির্দেশে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালিকা) পাঠায় পুলিশ। এ ঘটনায় পরে অভিযুক্ত জিংকু বাদে বাকী আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনে মুক্তি পান। মুক্তি পেয়ে তারা বাদির পরিবারকে মামলা তুলে নিতে বারবার হুমকি দিচ্ছেন। বিশেষ করে মামলার ৬ নং আসামি কামরুল আহসানের নাম মামলা থেকে প্রত্যাহার করে নিতে বাদীর ওপড় নানা মহল থেকেও প্রতিনিয়ত হুমকি দেয়া হচ্ছে। এমতবস্থায় বাদী তার মেয়ের অপহরনকারীদের নিরাপত্তার
দাবি করেন ডেমরা থানা পুলিশের কাছে।
এ বিষয়ে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, মামলা তুলে নেওয়ার হুমকিসহ বাদীর পরিবারের নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।