ডেমরায় ব্রাহ্মণবাড়িয়ার গৃহবধূ অপহরণ : গ্রেফতার ১
ডেমরা নিউজঃ
পিত্রালয়ে বেড়াতে এসে নগরীর ডেমরায় সোহাগী আক্তার (২০) নামে ব্রাহ্মণবাড়িয়ার এক গৃহবধূ অপহরণ হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে ভুক্তভোগীর বাবা আপহরণকারী মো. ওমর ফারুকের (২৫) বিরুদ্ধে মামলা করেন। পরে ওই রাতেই ডেমরা থানা পুলিশ ডেমরার পূর্ববক্সনগর বউ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। এ সময় ফারুকের দেওয়া তথ্যের ভিত্তিতে সারুলিয়ার রানীমহল এলাকা থেকে ওই গৃহবধূকেও উদ্ধার করে পুলিশ। শুক্রবার বেলা ১১ টায় গ্রেফতার ফারুককে আদালতে পাঠানো হয়েছে। তিনি নোয়াখালীর সদর (সুধারাম) থানার উত্তর আলীপুর গ্রামের মো. ঈমাম হোসেনের ছেলে। বর্তমানে তিনি ডেমরার পশ্চিম বক্সনগর এলাকার মমতাজ বেগমের বাড়ীর ভাড়াটিয়া।
ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই মো. রুহুল আমিন বলেন, গত ৪ বছর আগে সোহাগী আক্তারকে ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে দেওয়া হয়েছে। তিনি মাঝেমধ্যে পিত্রালয়ে বেড়াতে আসেন। গত ১ মাস আগেও ওই গৃহবধূ ডেমরায় পিত্রালয়ে বেড়াতে আসেন। এদিকে মেয়েটি বেড়াতে আসলে অভিযুক্ত ওমর ফারুক প্রায়ই তাকে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করতেন। এ নিয়ে মেয়েটির বাবা ওমর ফরুককে শাসন করলে তিনি মেয়ের বাবার ওপর ক্ষিপ্ত হন। এদিকে গত ২৩ আগষ্ট রাতে সোহাগী বাড়ীর সামনে দোকান থেকে খাদ্যদ্রব্য কিনতে আসলে পূর্ব পরিকল্পিতভাবে ওমর ফারুক তাকে অপহরণ করেন। ওই সময় অপহরণের বিষয়টি ডেমরা থানায় অবগত করা হয়।
