ডেমরায় হেরোইনসহ দুই ব্যবসায়ী গ্রেফতার
ডেমরা নিউজঃ : ডেমরা থানা এলাকায় বুধবার রাতে পুলিশের অভিযানে ১ হাজার পুরিয়া হেরোইন সহ দুই মাদক ব্যসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হেরোইনের মূল্য ৫ লক্ষ টাকার বেশি। বৃহস্পতিবার বেলা ১১ টায় তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল- ৬শ পুরিয়াসহ ডেমরার বড়ভাঙ্গা এলাকায় বসবাসরত কুমিল্লার দাউদকান্দি থানার মোল্লাকান্দি গ্রামের মোকলেসুর রহমান ঢালীর ছেলে মো. সুমন (২২) ও ৪শ পুরিয়াসহ ডেমরার মীরপাড়া এলাকার মৃত আমিন উদ্দিনের ছেলে মো. নূর হোসেন ওরফে বাঘা (৪৮)।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার সাব ইন্সপেক্টর (এসআই) সুভাষী আক্তার বলেন, গ্রেফতারকৃতদের গোপন সংবাদের ভিত্তিতে হেরোইন বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এসব বিষয়ে বুধবার রাতেই তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তারা দীর্ঘ দিন ধরেই ডেমরা থানা এলাকায় ইয়াবা হেরোইনসহ বিভিন্ন প্রকার মাদক সরবরাহ ও বিক্রি করে আসছে বলে অভিযোগ রয়েছে।
