মিয়ানমারে মুক্তি পেলেন আটকে পড়া বিক্ষোভকারীরা
মিয়ানমারের ইয়াঙ্গুনের একটি এলাকায় নিরাপত্তা বাহিনীর হাতে আটকে পড়া প্রায় দুইশ অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারী মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
আল জাজিরা জানিয়েছে, আটকে পড়া বিক্ষোভকারীদের নিরাপদে মুক্তি দিতে সেনা সরকারের প্রতি পশ্চিমা বিশ্ব ও জাতিসংঘের আহ্বানের পর আজ মঙ্গলবার স্থানীয় সময় সকালে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল সোমবার থেকে ইয়াঙ্গুনের একটি এলাকায় এসব বিক্ষোভকারীকে ঘিরে রেখেছিল নিরাপত্তা বাহিনী।
ইয়াঙ্গুনের সানচং জেলায় বিপুলসংখ্যক মানুষ কারফিউ উপেক্ষা করে রাতে রাস্তায় নেমে নিরাপত্তা বাহিনীর মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন, যাতে করে আটকে পড়া বিক্ষোভকারীরা নিরাপদে বের হয়ে যেতে পারেন। তবে তাদের ওপরও সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি বর্ষণ করে নিরাপত্তা বাহিনী।
সানচং এলাকার বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে সেখানকার বাসিন্দা নয় এমন ব্যক্তিদের খুঁজছে পুলিশ। এই অভিযানে অন্তত ৫০ জনকে আটক করা হয়েছে বলে সেখানকার বাসিন্দারা জানিয়েছেন। কাউকে লুকিয়ে রাখলে বাসিন্দাদের শাস্তি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে নিরাপত্তা বাহিনী।
এর আগে আটকে পড়া বিক্ষোভকারীদের নিরাপদে মুক্তি দিতে সেনা সরকারের প্রতি আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি সর্বোচ্চ ধৈর্য্য ধারণের আহ্বান জানান। সহিংসতা এবং গ্রেপ্তার ছাড়াই আটকে পড়াদের নিরাপদে বের হয়ে যেতে দেওয়ার আহ্বান জানান তার মুখপাত্র স্টিফেন দুজারিক। তিনি বলেন, ‘আটকে পড়া অনেকেই নারী, তারা আন্তর্জাতিক নারী দিবস পালন করতে শান্তিপূর্ণ মিছিলে অংশ নেয়।’
শার ইয়া মোনে নামে এক কর্মী জানান, তিনি প্রায় ১৫ থেকে ২০ জনের সঙ্গে একটি ভবনের ভেতরে সারারাত আটকা ছিলেন। ভোরে তিনি নিরাপদে ঘরে ফিরতে পেরেছেন। স্বৈরশাসনের অবসান না ঘটা পর্যন্ত বিক্ষোভ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, মুক্তি পাওয়ার পর বিক্ষোভকারীদের অনেকে স্বাগত জানিয়েছেন।

