অপরাধ

হেফাজতের হরতাল, সিদ্ধিরগঞ্জে র‌্যাব-পুলিশের ৬ মামলায় আসামি ৩১৫০

গত রোববার হেফাজতের হরতাল চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, গাড়িতে আগুন, ভাঙচুর, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধাদানের অভিযোগে পৃথক ৬টি মামলা হয়েছে। সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে ৫টি এবং র‌্যাব বাদী হয়ে একটি মামলা করে।

পুলিশের প্রত্যেক মামলায়, ২৫ থেকে ৩০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে, র‌্যাব’র মামলায় শুধু ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পুলিশের ৫টি মামলার মধ্যে ৪টি সন্ত্রাস দমন আইনে ও একটি পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগ। মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, সোমবার রাতে মামলাগুলো রেকর্ড করা হয়েছে। এই ছয় মামলায় এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে র‌্যাব-পুলিশের কয়েকটি টিম নাশকতা সৃষ্টিকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
মামলায় উল্লেখ করা হয় নাশকতার হরতালকারীরা মোট ১৮টি গাড়িতে আগুন দিয়েছে। এর মধ্যে কাভার্ডভ্যান ৬টি, বড় ট্রাক ৯টি, বিআরটিসি’র বাস একটা, মাইক্রোবাস ২টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের রাবার বুলেট ও চাইনিজ রাইফেলের ৪ হাজার গুলি এব ১৫৫ রাউন্ড টিয়ারসেল ছোড়া হয়েছে।

মামলার তথ্যমতে, পুলিশের ৫টি মামলায় নাম উল্লেখ ১২৫-১৩০ এবং অজ্ঞাত আসামির সংখ্যা ২০০০-২৫০০ জন। ফলে পুলিশের মামলায় মোট আসামির সংখ্যা ২ হাজার ১২৫ থেকে ২ হাজার ৬৫০ জন। আর র‌্যাব’র মামলায় অজ্ঞাত আসামি ৫০০ জন। এতে ৬ মামলায় আসামির সংখ্যা ২ হাজার ৬২৫ থেকে ৩ হাজার ১৫০ জন।
জেলা পুলিশের তথ্যমতে, এই সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শর্ট গানের রাবার বুলেট ও চাইনিজ রাইফেলের ৪ হাজার রাউন্ড গুলি ছুড়তে হয়েছে পুলিশ, র‌্যাব ও বিজিবিকে। এছাড়া পিকেটারদের ছত্রভঙ্গ করতে ১৫৫ রাউন্ড’ টিয়ার শেলও নিক্ষেপ করা হয়। হরতালে স্বাভাবিক ছিল নারায়ণগঞ্জ শহর ও উপজেলা এলাকাগুলো। তবে সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে সাইনবোর্ড পর্যন্ত এলাকা ছিল হরতাল সমর্থকদের দখলে। এ সময় দফায় দফায় বিজিবি-পুলিশের সঙ্গে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে হরতালকারীদের। এতে হরতালকারীরা ১৮টি যানবাহনে আগুন দেয় এবং ভাঙচুর করে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি।