অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো মাস্টারপ্ল্যান রয়েছে কি না, সন্দেহ রিজভীর
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা তো শুনছি, সরকারের ভেতরে থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছেন। তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে। যদি এসব কথা আসে, তাহলে গণতন্ত্রের জন্য আন্দোলন করা অন্যান্য রাজনৈতিক দল মনে করবে, অন্তর্বর্তী সরকার কোনো ধরনের একটা মাস্টারপ্ল্যানের মধ্যে রয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর বনানী কবরস্থান প্রাঙ্গণে এক দোয়া অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এ কথা বলেন। যখন শুনি আগে সংস্কার পরে নির্বাচন- এ যেন শেখ হাসিনার সেই কথারই প্রতিধ্বনি, আগে উন্নয়ন পরে গণতন্ত্র। এ ধরনের বক্তব্য অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার কাছ থেকে শোভা পায় না।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, একটি মুক্ত পরিবেশে বিশুদ্ধ বাতাস গ্রহণ করতে বিগত ১৬ বছরে এত আত্মদান, এত রক্ত ঝরেছে। তার ফলে ৫ আগস্ট আমরা পৃথিবী কাঁপানো বিজয় দেখেছি। এই আন্দোলনের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সেই সরকারকে সমর্থন দিয়েছে। জনগণের প্রত্যাশা, এই সরকার নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে, গণতন্ত্রকে শক্তিশালী করতে পদক্ষেপ নেবে। কিন্তু যখন শুনি, আগে সংস্কার পরে নির্বাচন- এ যেন মনে হয় শেখ হাসিনার সেই কথারই প্রতিধ্বনি যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র। এটা তো অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টাদের কাছ থেকে শোভা পায় না।
সরকারের উদ্দেশে রিজভী আরও বলেন, গত এক মাসে সব নিত্যপণ্যের দাম ২ থেকে ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। সরকারের এই যে দৃষ্টিহীনতা, এর সমালোচনা করা যাবে না? সরকারের প্রশাসন নিরপেক্ষভাবে কাজ না করলে তার কী সমালোচনা করা যাবে না? তাহলে কীসের ভয় দেখান যে এক-এগারোর পুনরাবৃত্তি হবে।
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক এক জরিপে এসেছে, দেশের বেশির ভাগ মানুষ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন চায়। এ প্রসঙ্গে রিজভী বলেন, পরিসংখ্যান ব্যুরো সরকারি সংস্থা। তাদের দিয়ে জরিপ করাচ্ছেন। তাতে নাকি জনগণ বলছে, আগে স্থানীয় সরকার নির্বাচন, পরে জাতীয় নির্বাচন। আপনি যদি সরকারি সংস্থা দিয়ে জরিপ করেন, তারা তো সরকারের মুখ চেয়ে কথা বলবে। কিন্তু আপামর জনসাধারণের সঙ্গে কথা বলেন, তারা কী বলে দেখেন। আপনাদের আচরণ নিরপেক্ষ না হলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন তুলবেই।
এর আগে রুহুল কবির রিজভী প্রয়াত আরাফাত রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

