করোনায় এক দিনে মৃত্যু বেড়ে ৩৪, শনাক্ত ১২১৮৩
করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার দেশে প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। গত এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জন মারা গেছেন। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ১৮৩ জনের শরীরে। পরীক্ষার বিপরীতে শনাক্তে হার ২৮.৩৩ শতাংশ।
রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্ত হন ১২ হাজার ১৮৩ জন। বিপরীতে শনাক্তের হার ২৮.৩৩ শতাংশ। শনিবার শনাক্ত হন ১০ হাজার ৩৭৮ জন, শুক্রবার ১৫ হাজার ৪৪০ জন, বৃহস্পতিবার ১৫ হাজার ৮০৭ জন, বুধবার ১৫ হাজার ৫২৭ জন শনাক্ত হন। আর মঙ্গলবার ১৬ হাজার ৬৬ জন রোগী শনাক্ত হন, যা দ্বিতীয় সর্বোচ্চ শনাক্তের সংখ্যা।
এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৭ লাখ ৮৫ হাজার ৩৩২ জন। মোট শনাক্তের হার ১৪.৩৬ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ১৯ জন পুরুষ ও ১৫ জন নারী। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত ২৮ হাজার ৩৬৩ জনের মৃত্যু হলো।
