ক্ষিলগাঁওয়ে ভাতিজাকে কুপিয়ে জখম : গ্রেফতার ১
জায়েদ হোসেনঃ
রাজধানীর ক্ষিলগাঁওয়ে পারিবারিক কলহের জের ধরে ফরহাদ হোসেন (২২) নামের আপন ভাতিজাকে কুপিয়ে জখম করেছে তার চাচা। এ সময় ভুক্তভোগীর প্রবাসী বড় চাচা কাজী নুরুজ্জামান ও মা হোসনে আরা বেগমকেও বেধরক মারধর করেছে ওই পাষন্ড। এ ঘটনায় ভুক্তভোগীর মা সোমবার বিকালে অভিযুক্ত চাচা মো. আক্তার হোসেনসহ (৪৭) তার সহযোগী অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে ক্ষিলগাঁও থানায় মামলা করেন। পরে সোমবার রাতেই পুলিশ আক্তার হোসেনকে গ্রেফতার করে মঙ্গলবার বেলা ১১ টার দিকে আদালতে পাঠায়। ডিএসসিসির ৭৫ নং ওয়ার্ডের বালুরপাড় এলাকায় গত রোববার রাতে এ ঘটনা ঘটে। গ্রেফতার আক্তার হোসেন ওই এলাকার কাজী আব্দুস সোবহানের ছেলে। বর্তমানে আহত ফরহাদ রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথায় ৯ টি সিলি দিতে হয়েছে। ফরহাদ ষ্টামফোর্ড ইউনিভার্সিটির বি.বি.এ ফাইনাল ইয়ারের ছাত্র।
ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে ক্ষিলগাঁও থানার এসআই বিজন কুমার বিশ্বাস বলেন, গত ৩১ আগষ্ট সৌদি আরব থেকে বাংলাদেশে আসেন কাজী নুরুজ্জামান। গত ১ সেপ্টেম্বর রোববার রাতে অভিযুক্ত আক্তার হোসেন তার সহযোগী অজ্ঞাত ২/৩ জনকে নিয়ে বড় ভাই নুরুজ্জামানের বাড়ীতে প্রবেশ করে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় নুরুজ্জামানের ডাক চিৎকারে ভাতিজা ফরহাদ ও তার মা দ্রুত ঘর থেকে বেরিয়ে আসেন। এ সময় আক্তার হোসেন ধারালো রামদা দিয়ে ফরহাদের মাথায় কোপ দেয় ও ইট দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন। পাশাপাশি ফরহাদের মা ও নুরুজ্জামকেও বেধরক মারধর করে আক্তার হোসেন।
