অর্থনীতি

গ্রামীণফোনের দরপতনে পুঁজিবাজারে সূচক নেতিবাচক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের দুই পুঁজিবাজারের বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমতে দেখা গেছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে টেলিকমিনিউকেশন খাতের প্রতিষ্ঠান গ্রামীণফোন লিমিটেড। ডিএসইর সূচক নিম্নমুখী করতে আজ কোম্পানিটি অবদান রেখেছে ২৪ পয়েন্টের বেশি। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে দুই হাজার ৮৪০ কোটি টাকা।

এর আগে সোমবার লেনদেন হয় ২ হাজার ৯৩৯ কোটি টাকা। গত দিনের তুলনায় মঙ্গলবার ডিএসইতে লেনদেন কমেছে ১০০ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার গ্রামীণফোনের শেয়ার দর কমেছে ৮ টাকা ৭০ পয়সা বা ২.৩৫ শতাংশ। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয় ৩৬৯.৬০ টাকায়, লেনদেন শেষ হয় ৩৬১ টাকায়। আজ ডিএসইর সূচক কমানোর কোম্পানিটির অবদান ২৪ পয়েন্টের বেশি ছিলো। আজ কোম্পানিটি মোট লেনদেন করেছে ১২ কোটি ৮৫ লাখ টাকা।

জানা গেছে, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ছয় হাজার ৬১৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৪৪২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ৩৮৪ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৭৫টি কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৭টির, কমেছে ২২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১০২ কোটি ১৪ লাখ ৪ হাজার ৪০৪ টাকা, যা আগের দিনের তুলনায় ২৬ কোটি টাকা কম। দিনটিতে সিএসইর লেনদেনে অংশ নেয়া ৩৩০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩১টির। কমেছে ১৭৭টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

অন্যদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ২৮৬ পয়েন্টে। সিএসই-এক্স সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৫৬৮ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৩৫২ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৯৯ পয়েন্টে। সিএসআই ৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২২২ পয়েন্টে।

আজ ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটি আজ মোট লেনদেন করেছে ১৬৭ কোটি ৭ লাখ ৪৮০ হাজার টাকা। এছাড়াও লেনদেনে এগিয়ে রয়েছে আইএফআইসি ব্যাংক, লাফার্জহোলসিব বাংলাদেশ, ওরিয়ন ফার্মাসিটিক্যালস লিমিটেড, অ্যাপোলো ইস্পাত লিমিটেড, ইসলামিক ফাইন্যান্স লিমিটেড, মালেক স্পিনিং মিলস লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এবং এমএল ডাইং লিমিটেড।