leadnewsসারা দেশ

ট্রাকচাপায় প্রাণ গেল তিন জনের

ট্রাকচাপায় প্রাণ গেল তিন চালকসহ অটোরিকশার তিন আরোহীর। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সলঙ্গা থানার পাঁচলিয়া গ্রামের মৃত ফুলচাদের ছেলে হায়দার আলী (৬০), একই গ্রামের মৃত মোতাহার হোসেনের ছেলে ভ্যানচালক খোদা বক্স (৫০) ও কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের শাহাদত হোসেন (৫৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোরে পাঁচলিয়া থেকে শাহজাদপুর যাওয়ার জন্য অটোরিকশা নিয়ে বের হন হায়দার আলী, খোদা বক্স ও শাহাদাত হোসেন। পাঁচলিয়া বাজার ফুটওভার ব্রিজের নিচ দিয়ে রাস্তা পার হওয়ার সময় রাজশাহীগামী রডবোঝাই একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি শাহজাহান জানান, ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটি এখনও শনাক্ত করা যায়নি।