ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন প্রশ্নে যা বললেন আইনমন্ত্রী
ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন বা পরিবর্তন করার বিষয়ে সরকারের পরিকল্পনা আছে কি না জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আপনারা কিছুদিনের মধ্যে দেখতে পারবেন।’ আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন চত্বরে এক পথসভায় বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।
কারাবন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর পর ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি নতুন করে জোরালো হয়ে উঠেছে। সেই প্রসঙ্গ টেনে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, বিতর্কিত এ আইন পরিবর্তন বা সংশোধন করার কোনো পরিকল্পনা বা সম্ভাবনা আছে কি না। উত্তরে আইনমন্ত্রী বলেন, ‘আপনারা কিছু দিনের মধ্যেই দেখতে পারবেন।’
এর আগে পথসভায় বক্তৃতায় আনিসুল হক বলেন, আপনাদের সাহসে প্রধানমন্ত্রী সাহসী হয়ে পদ্মা সেতু বাংলাদেশের মানুষের অর্থে নির্মাণ করছেন। কারও কাছ থেকে টাকা নিতে হয়নি। বাংলাদেশের অর্থনীতির মানচিত্র বদলে গেছে। বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত হয়েছে। সবই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ সারা বিশ্বে একটা উন্নত দেশ হিসেবে পরিচিত হবে।

