ডেমরায় পানিতে ডুবে নিহত ১
ডেমরা নিউজঃ ডেমরায় ডিএনডির অভ্যন্তরীণ পানি নিষ্কাশন খালে সাঁতার কাটতে গিয়ে মো. জহিরুল ইসলাম বাবু (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দুপুরে সারুলিয়া করিম জুট মিল সংলগ্ন ডিএনডি খালে এ ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের ডুবুরি টিম ১ ঘন্টা চেষ্টার পর মৃতের লাশ উদ্ধার করেন। নিহত জহিরুল ইসলাম বাবু কুমিল্লার বুড়িচং থানার মৃত তাজুল ইসলামের ছেলে। বর্তমানে তারা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন নয়াআটি গ্রামে ভাড়া থাকেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ ওসমান গনি বলেন, শনিবার দুপুরে ৫/৬ জন বন্ধু নিয়ে ডেমরায় গোসল করতে আসেন জহিরুল ইসলাম। এদিকে তার বন্ধুরা সাঁতার না জানায় জহিরুল একাই সাঁতার কাটতে ডিএনডি খালে নামেন। এ সময় হঠাৎ করে পানিতে ডুবে যান জহিরুল। এ ঘটনায় স্থানীয়রা ডেমরা ফায়ার সার্ভিস ও থানা পুলিশে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করেন।
এ বিষয়ে ডেমরা থানার অপারেশন অফিসার মো. নূরে আলম সিদ্দিকী বলেন, পারিবারিকভাবে জানা গেছে জহিরুলের শ্বাসকষ্ট ছিল। এ বিষয়ে মৃতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
