ডেমরায় প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
ডেমরা নিউজঃ ডেমরায় ‘কুমিল্লা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং’ নামে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় কারখানার মেশিন, উৎপাদিত মালামাল ও কাঁচামাল সহ প্যাকেজিং যন্ত্রাংশের ব্যাপক ক্ষতি হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৫ নম্বর ওয়ার্ডের শান্তিবাগ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসসহ ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কারখানার মালিক কাউছার বলেন, আজ কারখানা বন্ধ ছিল। সকাল সাড়ে ৭টার সময় আমাকে জানায় কারখানায় আগুন লেগেছে। আমি জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিই। ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরই মধ্যে কারখানার মেশিন ও মালামাল পুড়ে অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়।
ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ ওসমান গনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছয়টি ইউনিট কাজ করে ২ ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির সম্পর্কে পরবর্তীতে জানা যাবে। তবে এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
