ডেমরায় শীতলক্ষা নদীতে বাল্ব হেডের ধাক্কায় নৌকাডুবি : নিখোঁজ ২
ডেমরা নিউজ:
রাজধানীর ডেমরায় শীতলক্ষ্যা নদীতে বাল্ক হেডের ধাক্কায় যাত্রীবাহী একটি নৌকা ডুবে যায়। এ সময় ৮ জন আরোহীর মধ্যে দুজন মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন ডেমরা ফায়ার সার্ভিস। শুক্রবার বিকালে ডেমরা সেতু সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এই ঘটনা ঘটে। এ সময় ডেমরা খেয়া ঘাটের নৌকার মাঝি ও স্থানীয়রা ছয় জনকে উদ্ধার করতে সক্ষম হয়। এই ঘটনায় চারজন কোন একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে, বাকি দুজন বাড়িতে ফিরে গেছে। এদিকে খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিস ও ফায়ার সার্ভিসের হেড অফিস থেকে ডুবুরী দল প্রায় দুই ঘন্টা খোঁজাখুঁজি করেও নিখোঁজ ২ ছাত্রকে উদ্ধার করতে পারেনি। মাদ্রাসা বন্ধ থাকায় বন্ধুরা নৌকায় ঘুরতে এসে এই দুর্ঘটনার শিকর হন বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। নিখোঁজ মাদ্রাসার ছাত্ররা হল-মোঃ সাফওয়ান (১৭) ও মোঃ জুবায়ের (১৮)। উদ্ধার ৬ জনের নাম জানা যায়নি।
এ বিষয়ে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের প্রধান ডুবুরী আবুল খায়ের বলেন, আমরা খবর পেয়ে শুক্রবার পাঁচটার দিকে ঘটনাস্থলে এসে নিখোঁজদের খুঁজতে নেমে পড়ি নদীতে। নদীর গভীরতা ৭০ থেকে ৭৫ ফিট ও পানির প্রচন্ড স্রোত। তাই দুই ঘণ্টা চেষ্টার পরও সাফওয়ান ও জুবায়েরকে খুঁজে পাইনি। নিয়ম অনুযায়ী রাতে আর খোঁজা সম্ভব না হওয়ায় শনিবার সকাল থেকে আবার খোঁজা শুরু হবে।
এ বিষয়ে ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, যতদূর জানতে পেরেছি হাজারীবাগ একটি মাদ্রাসার থেকে ছাত্ররা নদীতে ঘুরার দিনক্ষণ ঠিক করেছে। ওই মাদ্রাসা বন্ধ থাকায় ডেমরার পরিচিত দু-একজনের মাধ্যমে আট বন্ধু একত্র হয়ে প্রভার বিকালে ডেমরা ঘাট থেকে নৌকা নিয়ে ঘুরতে থাকে। এ সময় বালুবাহী একটি বালখেট ওই নৌকাটিকে সজোরে ধাক্কা দিলে সাথে সাথে নৌকাটি ভেঙে ডুবে যায়। এ সময় ডেমরা খেয়া ঘাটের মাঝি ও স্থানীয়রা ছয় জনকে উদ্ধার করতে পারলেও দুইজন নিখোঁজ হয়ে যায়। আর স্রোত ও গভীরতা বেশি থাকায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের খুঁজে পায়নি। তবে চেষ্টা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে নিখোঁজ একজনের ভাই ডেমরার দারুন নাজাত মাদ্রাসার শিক্ষক সাদ বলেন, বিকালের ঘটনা অথচ ডুবুরিরা চেষ্টা করেছে অল্প সময়। সন্ধ্যা নামতেই তারা খোঁজা বন্ধ করে দিয়েছে। আমরা কান্নাকাটি করছি ,নিজেও ভারসাম্যহীন হয়ে গেছি। ডুবুরিরা কথা শুনছে না।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের লিডার জীবন মিয়া বলেন, নৌকাডুবির খবর পেয়ে দুটো সময়ের মধ্যে আমাদের ডুবুরি টিম ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টা চেষ্টা করে। তবে নিখোঁজ দুইজনকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

