leadnewsডেমরা

ডেমরায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে হত্যার হুমকি

ডেমরায় ঢাকা-৫ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামরুল হাসান রিপনের সমর্থক সুজন প্রধানকে স্থানীয় কাউন্সিলর সালাহ উদ্দিন হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সুজন ডিএসসিসির ৬৯নং ওয়ার্ডের রাজাখালি এলাকার বাসিন্দা। এ বিষয়ে ডেমরা থানায় শনিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ঘটনার ১৫ ভাগও সত্যতা পায়নি বলে জানিয়েছে পুলিশ। সুজনের অভিযোগ, বৃহস্পতিবার রাতে ৬৯নং ওয়ার্ড কাউন্সিলর সালাহ উদ্দিন তাকে (সুজন) ডেকে কামরুল হাসান রিপনের ঈগল মার্কা ও নৌকার পক্ষে প্রচার করতে নিষেধ করেন। অন্যথায় তাকে বুকে পাড়া দিয়ে ও গলায় ছুরি চালিয়ে মাথা আলাদা করে দেবেন বলে হুমকি দেন। সুজন এ সময় কাউন্সিলরকে বলেন, দীর্ঘদিন ধরে রিপনের সঙ্গে রাজনীতি করে আসছি তাই তাকে ছাড়তে পারব না। এতে ক্ষিপ্ত হয়ে ওই কাউন্সিলর সুজনের কাছে চাঁদা দাবি করেন, অন্যথায় তার স্কুল বন্ধ করে দেওয়ারও হুমকি দেন। তবে সুজনের অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর সালাহ উদ্দিন বলেন, সুজন আমার বিরুদ্ধে ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ এনে এলাকায় আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছেন। ১৬ ডিসেম্বর সুজন নৌকার প্রার্থী হারুনুর রশীদ মুন্নার পক্ষে নির্বাচনি প্রচারণার জন্য রাজাখালি নিজ বাসভবনের কাছে কয়েক পাতিল খিচুড়ি রান্না করে দেওয়ার কথা বলে স্থানীয় এক নেতার সঙ্গে। ১৫ ডিসেম্বর সুজনের কাছে খিচুড়ি রান্নার বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করায় এলাকাবাসীর সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এ সময় নৌকা প্রার্থীর স্থানীয় ওই নেতার কর্মীর সঙ্গে সুজনের মারামারি হয়। এ ঘটনায় এলাকাবাসী আমার কাছে সুজনের বিরুদ্ধে নালিশ করেন।

 

কাউন্সিলর আরও জানায়, পরে ওই ঘটনা মীমাংসার জন্য আমি সুজনকে আমার খামারে ডেকে পাঠাই এবং মীমাংসা করার চেষ্টা করি। ঈগল প্রতীকের প্রার্থী মো. কামরুল হাসান রিপন বলেন, যেখানে শেখ হাসিনা শান্তিপূর্ণভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন, সেখানে এভাবে হত্যার হুমকি নির্বাচনের পরিবেশ নষ্ট করবে। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম  বলেন, অভিযোগ পেয়ে কাউন্সিলর ও অভিযোগকারী সুজনকে থানায় ডেকেছি। এক্ষেত্রে সুজন তার অভিযোগের ১৫ ভাগও প্রমাণ দিতে পারেননি। মূলত তাদের মধ্যে একটা স্কুল নিয়ে মতানৈক্য রয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে দুজনের মধ্যে মীমাংসা করে দেওয়া হয়েছে।

সূত্র: যুগান্তর