ডেমরায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ডেমরা নিউজ:ডেমরা-যাত্রাবাড়ী সড়কের পাশে ডিএনডি খালের পাড়ে অজ্ঞাত আনুমানিক (৩৪) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার দুপুর সোয়া ২ টায় ডেমরার দেইল্লা সরদার রি-রোলিং মিল সংলগ্ন থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় লাশের মাথা, মুখমন্ডল ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে। তাছাড়া লাশের হাতে-পায়ে, মুখে ৫ টি গামছা ও সুতলি দিয়ে বাঁধা এবং মুখের ভেতরে কিছু জুট গুজানো অবস্থায় পাওয়া যায়। তার পড়নে ছিল নীল রঙের চেক লুঙ্গি, চেক শার্ট ও প্লাষ্টিকের কালো সেন্ডেল। তার গায়ের রঙ শ্যাম বর্ণ।
সরেজমিনে প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ডিএনডি খালের পাড়ে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মিডফোর্ট হাসপাতাল মর্গে পাঠায়। এর আগে লাশটি সনাক্তসহ অপরাধ উদঘাটনের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ডেমরা জোনাল টিমের একটি দল এডিসি মাইনুল ইসলামের নের্তৃত্বে তদন্ত করেছেন। এ বিষয়ে ডিবির তদন্ত অব্যাহত রয়েছে বলে যুগান্তরকে জানিয়েছে ডিবি পুলিশের ইন্সপেক্টর আবদুল হক।
এ বিষয়ে ওয়ারী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ্ ইফতেখার জানায়, রাতের কোন সময় খুনিরা রাস্তার পাশে লাশটি ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে ময়না তদন্তের জন্য লাশটি হাসপাতাল মর্গে পঠানো হয়েছে। তদন্ত রিপোর্টে আসল রহস্য বেরিয়ে আসবে। লাশের সনাক্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় মিলেনি।
