ডেমরায় অপহৃত গৃহবধূ উদ্ধার : গ্রেফতার ১
ডেমরা নিউজঃ ডেমরায় মাসুমা আক্তার স্বর্ণা নামে অপহৃত এক গৃহবধূকে উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে রাজধানীর বাসাবো এলাকা তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী মো. ফেরদৌসকে (৩৫) গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। তিনি ময়মনসিংহের সদর থানার গুলকিবাড়ী গ্রামের মৃত হানিফ উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার বেলা ১১ টায় ওই গৃহবধূ ও গ্রেফতার ফেরদৌসকে আদালতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার মো. নূরে আলম সিদ্দীকি বলেন, ওই গৃহবধূ গত ২৩ জুলাই বিকালে পিত্রালয়ে যাচ্ছিলেন। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে অপহরণকারী গৃহবধূ স্বর্ণাকে অপহরণ করেছে। প্রথমে খোঁজাখুঁজি করে না পেয়ে এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মো. তারিকুল ইসলাম গত ২৪ জুলাই ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে সব জানতে পেরে গত ২৮ জুলাই সোমবার রাতে ডেমরা থানায় এ বিষয়ে মামলা করেন তারিকুল।
