ডেমরায় কাউন্সিলরের ব্যবসায়ীক অফিসে চুরি:থানায় মামলা
ডেমরা নিউজ:ডেমরায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৬৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের ব্যবসায়ীক অফিসে চুরির ঘটনা ঘটেছে। এ সময় অফিসের আলমারিতে থাকা ৪৪ লিটার অকটেন, সাড়ে ৩ লিটার লার্ভা কিটনাশক, ৩০ লিটার ফোকার তেল, ২০ টি ব্যাটারি ও ৬টি প্ল্যাগ চুরি করে নিয়ে যায় অজ্ঞাতনামা চোর বা চোরের দল। এ ঘটনায় ডিএসসিসির ওই ওয়ার্ডের মশক সুপারভাইজার মো. জসিম হোসেন (২৫) বুধবার দিনগত রাতে ডেমরা থানায় অজ্ঞাতনামা চোর বা চোরদের বিরুদ্ধে মামলা করেন। গত ৭ ফেব্রুয়ারী দিনগত গভীর রাতের যে কোন সময় ওই অফিসের দরজা কৌশলে খুলে চোর বা চোরেরা চুরি করেছে বলে অভিযোগ। তবে এ ঘটনায় কোন চোরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বাদীর বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, গত ৭ ফেব্রুয়ারী মশক সুপারভাইজার জসিম ও তার সহকর্মীরা কাজ শেষে সন্ধা ৬ টায় চলে যায়। পরবর্তীতে ওই রাত সাড়ে ৯ টার দিকে ওয়ার্ড কাউন্সিলর সালাহউদ্দিন আহম্মেদের বড় ভাই জসিমউদ্দিন আহম্মেদ ও অফিস সহকারী মাসুম মিয়া অফিস বন্ধ করে বাড়ী চলে যায়। এদিকে গত ৮ ফেব্রুয়ারী সকালে জসিম ও সহকর্মীরা অফিসে এসে দেখেন যে অফিসের আলমারি খোলা ও এলোমেলো।
