ডেমরায় কিশোরী ধর্ষণ: গ্রেফতার ২
ডেমরানিউজঃডেমরায় এবার ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ধর্ষকসহ দুই লম্পটকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বৃহস্পতিবার রাতে ডেমরা থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করেন। পরে শনিবার ভোররাতে ডেমরার দেইল্লা পশ্চিমপাড়ায় নিজ বাড়ী থেকে তাদের গ্রেফতার করে ওইদিন দুপুরে আদালতে পাঠায় পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- দেইল্লা পশ্চিমাপাড়া বাবুল মেম্বারের বাড়ির ভাড়াটিয়া লক্ষীপুরের সদর থানার পশ্চিম লক্ষীপুর গ্রামের মো. বাহারের ছেলে ধর্ষক মো. সাকিব (১৯) ও একই এলাকার মাকি কমান্ডারের বাড়ির ভাড়াটিয়া শেরপুরের নলিতাবাড়ী থানার বাইটকামারী পশ্চিমপাড়া গ্রামের সুরুজ্জামানের ছেলে আসাদুল (২৪)। এদিকে ধর্ষিতা ওই কিশোরীকে শুক্রবার রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবার, এলাকাবাসী ও মামলার বরাত দিয়ে তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই মৃগাংক শেখর তালুকদার বলেন, ওই কিশোরীকে তার বাড়ীর পেছনে গ্রেফতার সাকিব গত ২১ ডিসেম্বর রাতে ধর্ষণ করেন। এ সময় দূরে পাহারায় ছিলেন সঙ্গীয় আসাদুল। এ ঘটনায় মেয়েটির চিৎকার শুনে তার বড় বোন ও প্রতিবেশীরা বিবস্ত্র অবস্থায় তাকে উদ্ধার করেন। এ সময় দুই লম্পট দ্রুত পালিয়ে যান। তারা ভুক্তভোগীর প্রতিবেশী।
এসআই মৃগাংক আরও বলেন, দীর্ঘদিন ধরে চলার পথে ধর্ষিতাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্তক্ত করতেন আসাদুল। এ ঘটনায় মেয়েটির বাবা আসাদুলকে শাসন করেলে ক্ষিপ্ত হয়ে সে দেখিয়ে দিবে বলে হুমকি দেয়। পরবর্তীতে প্রতিবেশী সাকিবকে দিয়ে ধর্ষণের ঘটনা ঘটায়। শনিবার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।
