leadnewsডেমরা

ডেমরায় ছিনতাইকারী আটক

ডেমরা নিউজ: ডেমরায় ছিনতাই করে পালিয়ে যাবার সময় মো. ফরহাদ হোসেন নাসির (২০) নামে এক ছিনতাইকারীকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ সময় মো. জসিম উদ্দিন (২৫) নামে সহযোগী আরেক ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়। রোববার দিনগত রাত সোয়া ১০টার দিকে ডেমরা থানাধীন ডগাইর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে মো. মামুনুর রশীদ নামে এক ওষুধ ও বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে বিক্রির ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাচ্ছিল। এর আগে ছিনতাইয়ের সময় নাসির মামুনুর রশীদের মাথায়, ঘারে,পিঠে ও হাতে ধারালো ছুরি দিয়ে এলোপাতারীভাবে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। ছিনতাইকারী নাসির শেরপুরের নকলা থানার উত্তর নকলা গ্রামের মো. মিন্টুর ছেলে। বর্তমানে সে ডেমরার বড়ভাঙ্গা মহাকাশ রোডের রশিদ ইঞ্জিনিয়ারের বাড়ীর ভাড়াটিয়া। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো.মমতাজ উদ্দিন সোমবার সকালে ওই দুই ছিনতাইকারীর বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেছেন বলে জনিয়েছে ডেমরা থানা পুলিশ। পরে বেলা ১১ টায় নাসিরকে আদালতে পাঠানো হয়।

ডেমরা থানা পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, বিগত ৪ বছর ধরে ব্যবসায়ী মামুনুর রশীদ ডেমরার ডগাইর বাজারে বিসমিল্লাহ মেডিকেল হল নামক দোকান দিয়ে ব্যবসা করছেন। রোববার রাতে যথারীতি তিনি ওষুধ ও বিকাশের বিক্রির টাকা নিয়ে বাড়ী ফিরছিলেন। এ সময় রাস্তায় মামুনুর রশীদের গতিরোধ করে তার সঙ্গে থাকা ৪০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যাচ্ছিল উক্ত দুই ছিনতাইকারী। বর্তমানে ব্যবসায়ী মামুনুর রশীদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।