leadnewsডেমরা

ডেমরায় ছিনতাই চক্রের গ্রেফতার সদস্য জেলে

ডেমরা নিউজঃ ডেমরার ডিবি পুলিশ পরিচয়ে আলোচিত ১৫ লক্ষ ১৭ হাজার ৬০০ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ছিনতাই চক্রের ১ সদস্যকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। তার নাম রবিউল ইসলাম (৩২)। ডেমরা থানা পুলিশের অভিযানে গ্রেফতারের পর সোমবার রবিউলকে আদালতে পাঠানো হলে ওই দিন বিকালে আদালত এ নির্দেশ দেন। গ্রেফতার রবিউল ঢাকার মানিকনগর মুগদা এলাকার শাহজাহানের ছেলে। এদিকে ছিনতাইয়ের ওই ঘটনায় এ বিষয়ে ডেমরা থানায় গত ৭ স্টেম্বর অজ্ঞাতনামা ৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়। পরে তদন্তের ভিত্তিতে ছিনতাই চক্রের সদস্য রবিউলকে গ্রেফতার করে পুলিশ। আদালতে রবিউল ছিনতাইয়ের ঘটনাটি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই মৃগাংক শেখর তালুকদার।

বিষয়টি নিশ্চিত করে মৃগাংক শেখর আরও বলেন, ডেমরার বাঁশেরপুল এলাকায় অবস্থিত সুফিয়া রি-রোলিং মিলস্ এ কর্মরত হিসাব রক্ষন অফিসার মো. মাসুদ রানা (৪৮)। তিনি গত ৬ সেপ্টেম্বর কারখানার ১৫ লক্ষ ১৭ হাজার ৬০০ টাকা নিয়ে ফার্মের মোড় ইউসিবি ব্যাংকে জমা দিতে যান। ব্যাংকের কাছাকাছি আসা মাত্রই একটি সাদা রঙের প্রাইভেট গাড়ি থেকে ৩ জন ব্যাক্তি ডিবি পুলিশ পরিচয়ে মাসুদ রানাকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। এ ঘটনায় ওই ছিনতাই চক্র তার চোখ বেঁধে ভয়ভীতি দেখিয়ে ও কিল ঘুশি মেরে টাকার ব্যাগ নিয়ে যায়। পরে ওইদিন বিকালে মেঘনা ব্রিজ সংলগ্ন এলাকায় মাসুদ রানাকে ফেলে চলে যায় ছিনতাই চক্রের সদস্যরা।