ডেমরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু
ডেমরা নিউজঃ ডেমরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. বিল্লাল হোসেন (৩৫) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। তিনি ওই ট্রাকেই কাজ করতেন। শনিবার দুপুর ১ টার দিকে কোনাপাড়া সিটি মিলে এ ঘটনা ঘটে। মৃতের গ্রামের বাড়ী নাটোরে। এদিকে খবর পেয়ে কোনাপাড়া ফাঁড়ির পুলিশ সুরতহাল শেষে মৃতের লাশ শনিবার বিকালে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে কোনাপাড়া ফাঁড়ির ইনচার্জ এসআই মো. কুদ্দুস বলেন, শনিবার সকালে সিটি মিলে মালামাল নিতে এসে (ঢাকা মেট্রো ট ১৩-০৯৮৪) ট্রাকসহ চালক ও হেলপার মিলের অভ্যন্তরেই অপেক্ষায় ছিলেন। পরে অপেক্ষামান অবস্থায় একপর্যায়ে বিল্লাল ওই ট্রাকের পেছনেই (বেকডালার নিচে) চাকার কাছে ঘুমিয়ে পড়েন। এদিকে দুপুরে হেলপারকে না খুঁজে ওই চালক ট্রাক চালু দিয়ে পিছনে নিতেই ট্রাকের চাকায় পিষ্ট হন বিল্লাল। এ ঘটনায় মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে ঘটনার পরেই ট্রাক চালক পালিয়ে যায়। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে মামলা নেওয়া হবে বলেও জানান এসআই কুদ্দুস।
