leadnewsডেমরা

ডেমরায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৪

ডেমরা নিউজ:ডেমরায় র‌্যাব-১০ এর অভিযানে (ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা) ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন দুস্কৃতিকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ টি রিভলবার,  ১টি ৭.৬৫ এমএম অ্যামুনেশন, ১ টি ১২ বোর ওয়ান শুটারগান, ১২ বোর কার্তুজ ২ রাউন্ড, ১ টি ছুরি ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করে র‌্যাব। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দস্যুতা সংগঠনের উদ্যোগ গ্রহন করা ও অবৈধ আগ্নেয়াস্ত্র ও অ্যামুনেশন নিজ হেফাজতে রাখার অপরাধে পৃথক দু’টি মামলা করেছে র‌্যাব। ওই দিন বিকালে ডেমরার বাঁশেরপুল সুফিয়া রি-রোলিং মিলস্ এর সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো-ঢাকার সায়েদাবাদ ইসলামি হাসপাতাল সংলগ্ন এলাকার ভাড়াটিয়া ও নারায়ণগঞ্জ আড়াইহাজার থানাধীন নয়নাবাদ গ্রামের মো. মুসা সরকারের ছেলে মেহেদী হাসান তালহা (১৯), ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার আনিস সাহেবের বাড়ীর ভাড়াটিয়া মো. লাল মিয়ার ছেলে ফারহান আহম্মেদ ফাহিম (২১), যাত্রাবাড়ী শহিদ ফারুক রোড ১২ নং গলি এলাকার ভাড়াটিয়া ও কুমিল্লার তিতাস থানার বাতাকান্দি গ্রামের মো. মোতালেব হোসেনের ছেলে মো. জামিল হোসেন জয় (১৯) ও ২০৩/বি দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার সোহেল মিয়ার ছেলে মো. সিজান ভূঁইয়া (১৯)।
র‌্যাব-১০ এর বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ডেমরা ও আশপাশের এলাকায় মোবাইল স্বর্ণালঙ্কার, টাকা পয়সাসহ মূল্যবান মালামাল চুরি ও দস্যুতা সংগঠনের মাধ্যমে গ্রহন করে আসছিলো বলে তাদের স্বীকারোক্তীতে জানা গেছে।