ডেমরায় ত্রুটিপূর্ণ ও নিষিদ্ধ যানবাহনের বিরুদ্ধে ট্রাফিকের অভিযান
ডেমরা নিউজঃডেমরায় ত্রুটিপূর্ণ ও প্রধান সড়কে নিষিদ্ধ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ডেমরা ট্রাফিক জোন। ওই জোনের টিআই মো. সাইফুল ইসলামের নের্তৃত্বে বৃহস্পতিবার সকালে ২ ঘন্টাব্যাপী সারুলিয়া বাজার, স্টাফ কোয়ার্টার ও কোনাপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক ও সিএনজিসহ ত্রুটিপূর্ণ ২০ টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও রেকারিংসহ আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পরবর্তীতে ডেমরার প্রধান ও অভ্যন্তরীণ সড়কে নিষিদ্ধ যানবাহন চলাচল বন্ধের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেয় ট্রাফিক বিভাগ।
এ বিষয়ে ডেমরা জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. সাইফুল ইসলাম বলেন, এ অভিযান ট্র্র্রাফিকের ধারাবাহিক কর্মসূচীর অংশবিশেষ। নির্দেশনা অনুযায়ী এখানকার অভ্যন্তরীণ ও প্রধান সড়কে ব্যাটারিচালিত নিষিদ্ধ অটোরিকশা, ইজিবাইক, মিশুক ও সিএনজি কিছুতেই চলাচল করতে দেওয় হবেনা। এক্ষেত্রে ডেমরা থানা পুলিশ, ট্রাফিক বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের সমন্বয়ে পরবর্তীতে জরুরী ব্যবস্থা গ্রহন করা হবে।
