ডেমরায় নারী মাদক বিক্রেতাসহ গ্রেফতার ৩
ডেমরা নিউজ: ডেমরা থানা এলাকা থেকে বৃহস্পতিবার রাতে পুলিশের পৃথক অভিযানে নারী মাদক বিক্রেতাসহ ৩ মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের তল্লাশি করে ১৭ বোতল ফেনসিডিল ও ৪০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। শুক্রবার বেলা ১১ টায় তাদের আদালতে পাঠানো হয়।
ডেমরা ফাঁড়ির ইনচার্জ মো. আবু কাউসার জানায়, ডেমরার সানারপাড়ের ভাড়াটিয়া শেরপুরের নলিতাবাড়ী থানার মরিচপুরান গ্রামের মৃত বল্টু মিয়ার মেয়ে ও আ. আজীজের স্ত্রী মোছা. রিনা আক্তার (৪৫) ও মধ্য সানারপাড়ের মৃত আমীর আলীর ছেলে মো. এমদাদ হোসেনকে (৩২) ফেনসিডিলসহ গ্রেফতার হয়েছে । অপরদিকে ঢাকায় ভাসমান পিরোজপুরের মঠবাড়িয়া থানার ধুলবুনিয়া গ্রামের শেখ ইব্রাহীমের ছেলে শেখ ইমরান জয়কে (২২) ৪০ পিস ইয়বাসহ গ্রেফতার করা হয়।
এসব বিষয়ে বৃহস্পতিবার রাতেই ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা গত কয়েকবছর ধরেই ডেমরায় হেরোইন, ইয়াবা ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল বলেও জানায় আবু কাউসার।
