leadnewsডেমরা

ডেমরায় প্রবাসীর বাড়ীতে হামলা ও ভাঙচুর, অন্তসত্বা নারীসহ ৩ জনকে মারধর: থানায় মামলা

ডেমরা নিউজ:পূর্ব শত্রুতার জেরে ডেমরায় মোস্তফা (৫২) নামে এক প্রবাসীর বাড়ীতে কতিপয় সন্ত্রাসীরা হামলা ও ভাঙচুরসহ তান্ডব চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় সন্ত্রাসীরা মোস্তফাকেসহ তার অন্তসত্বা ছোট বোন ঝুমা আক্তার (২৩) ও সোমা আক্তারকে (২৫) লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। পাশাপাশি মোস্তফার ব্যাগে থাকা ২ লক্ষ ১৭ হাজার টাকা ও সোমার গলায় থাকা ১ ভরি ১০ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা যার অনুমান মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। এ ঘটনায় ভুক্তভোগী সোমা আক্তার রোববার দিনগত রাত ১২ টার দিকে অভিযুক্ত ৭ জনসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে ডেমরা থানায় মামলা করেন। গত ৩ ফেব্রুয়ারী রাতে ডেমরার পশ্চিম বক্সনগরস্থ গরীরে নেওয়াজ মসজিদের বিপরীত পাশের ৩ কাঠা জমির বাড়ীতে এ ঘটনা ঘটে। এ ভাঙচুরের ঘটনায় ওই বাড়ীতে ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীদের কাছে জানা গেছে। অভিযুক্ত আসামিরা হলেন-নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকার আবেদ আলীর ছেলে আলী (৬০) ও তার ছেলৈ মামুন (৩০), ডেমরার পশ্চিম বক্সনগর এলাকার আবুল মুন্সির ছেলে জাকির (৩৫), একই এলাকার ওমর মিস্ত্রীর ছেলে শাহিন (২৭), সুমন ওরফে রাসেল (৫২), মজিবরের ছেলে সেলিম (৩৬) ও গিয়াস উদ্দিন (৫৫)। তবে আসামিরা বর্তমানে পলাতক রয়েছে।
ভুক্তভোগীদের বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাাসির উদ্দিন বলেন, গত ১৭ বছর আগে মোস্তফা পশ্চিম বক্সনগর এলাকায় ওই ৩ কাঠা জমি ক্রয় পাকা বাড়ী করেন। বিদেশে থাকায় মোস্তফার ওই বাড়ী দেখাশোনা করতেন ছোট বোন সোমা। গত ১ মাস আগে দেশে আসেন মোস্তফা। তারপর থেকেই ওই সন্ত্রাসীরা মোস্তফার সঙ্গে প্রতিনিয়ত বাকবিতন্ডায় জড়াতেন। গত ৩ ফেব্রুয়ারী তারা ওই বাড়ীতে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায় ও ভুক্তভোগীদের মারধর করে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান ওসি খন্দকার নাসির উদ্দিন।