ডেমরায় ব্যবসায়ীর বাড়ীতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও নগদ টাকা চুরির অভিযোগ: মামলা
ডেমরা নিউজঃ ডেমরায় মো. ওমর ফারুক (৩৫) নামে এক ব্যবসায়ীর বাড়ীতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় সন্ত্রাসীরা ওই বাড়ির গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আসবাবপত্র ও সি সি ক্যামেরা ভাঙচুর করে ওই ব্যবসায়ীকে বেধরক মারধর করেন। এ ঘটনায় বৃদ্ধ বাবা ও মা তার ছেলেকে বাঁচাতে এগিয়ে আসলে তাদেরও মারধর করে ওই দুর্বৃত্তরা। এ সময় ঘরে থাকা নগদ ৩ লক্ষ টাকা চুরি করে সন্ত্রাসীরা। পাশাপাশি ১ ভরি সোনার চেইন ছিনিয়ে নেয় যার আনুমান মূল্য ৭০ হাজার টাকা। এদিকে ভুক্তভোগী ফারুক প্রাথমিক চিকিৎসা নিয়ে এ ঘটনায় শুক্রবার দিনগত রাতে অভিযুক্ত ১০ জনসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে ডেমরার ঠুলঠুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন- ডেমরার ঠুলঠুলিয়া এলাকার মৃত আ. বাতেনের ছেলে মো. জাহিদুল হক (৪০), একই এলাকার এরশাদ আলম ইশুর ছেলে মো. শাহিল (২৪), ছোট ছেলে মো. সাগর (২২), মেয়ে মোছা. ঈশিতা (২৬), ছোট ভাই আল মামুন (৩২), বড় ভাই মো. সেলিম মিয়া (৪৩), মেজো ভাই জসিম (৩৪), আরেক ভাই মো. জামান (৩৮) ও একই এলাকার মোক্তার হোসেনর ছেলে মো. নওশাদ, আব্দুল বাশারের ছেলে সুলতান ভূঁইয়া (২৮)। তবে এ ঘটনায় পুলিশ এখনো আসামিদের গ্রেফতার করতে পারেনি বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, মামলা হয়েছে। দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
