leadnewsডেমরা

ডেমরায় মাদ্রাসার ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু

ডেমরায় নরাইবাগ ইসলামিয়া মাদ্রাসায় শুক্রবার রাতে ৫ তলার ছাদ থেকে পড়ে আরিফুল ইসলাম (১০) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তার ভাই মুন্নাফ জানান, তার দুই ভাই ইব্রাহিম হোসেন ও আরিফুল ইসলাম ওই মাদ্রাসায় পড়ে। আরিফুল মক্তব বিভাগের ছাত্র। পরীক্ষা চলায় মাদ্রাসাটি বন্ধ ছিল। এ কারণে তারা গত এক সপ্তাহ গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা নাগেরবাগে ছিল। শুক্রবার মাদ্রাসা খুলে। মুন্নাফ বলেন, আরিফুল ইসলাম ও ইব্রাহিম হোসেনকে শুক্রবার সন্ধ্যায় নরাইবাগ ইসলামিয়া মাদ্রাসায় দিয়ে যাই। পরে খবর পাই সে মাদ্রাসার ছাদ থেকে পড়ে মারা গেছে। এদিকে আরিফুল ইসলামের ভাই ইব্রাহিম হোসেন জানান, আরিফুল লেখাপড়ায় অমনোযোগী ছিল। সে প্রায়ই মাদ্রাসার ছাদে উঠত। শুক্রবার সে বাড়ি থেকে আসার সময় কান্নাকাটি করেছিল।
এদিকে ওই মাদ্রাসার শিক্ষক মাওলানা এখলাছ উদ্দিন জানান, এশার নামাজে সব ছাত্ররা এলেও আরিফুল ইসলাম নামাজ ফাঁকি দিয়ে ছাদে যায়। নামাজ শেষের দিকে রাত পৌনে ৮টায় কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হয়। নামাজ শেষে আমরা নিচে গিয়ে দেখি আরিফুল ইসলাম গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন। যুগান্তর