ডেমরায় যৌতুক চেয়ে নির্যাতন: গ্রেফতার ১
ডেমরানিউজঃ ডেমরায় রুনা আক্তার (২৪) নামে এক গৃহবধূ তার যৌতুকলোভী স্বামীনর ও শ্বশুর বাড়ীর লোকজনের নানামূখী নির্যাতনের শিকার হয়েছেন। এ ঘটনায় ওই গৃহবধূ গত ২ মাস আগে আদালতে তার স্বামী মো. খোকন মিয়াসহ তার মা বাবা, ভাই ও বোনের বিরুদ্ধে যৌতুক আইনের ৪ ধারায় মামলা করেন। পরে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এতে আদালতের নির্দেশে রোববার রাতে ডেমরার সারুলিয়া এলাকা থেকে লম্পট খোকন মিয়াকে গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ। সে ওই এলাকার মো. শাহজাহান মিয়ার ছেলে। সোমবার দুপুরে খোকনকে আদালতে পাঠালে ওই দিন বিকালে আদালত তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন। অন্য আসামীরা হলেন- ভুক্তভোগীর শ্বশুর মো. শাহজাহান মিয়া (৫৭), শ্বাশুরি খোদেজা বেগম (৪৫), দেবর মো. সূজন মিয়া (২৬) ও ননদ নিশী আক্তার (২৩)।
ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, গত ৪ বছর আগে খোকনের সঙ্গে বিয়ে নারায়ণগঞ্জ রূপগঞ্জের বরপা গ্রামেহয় মো. ফিরোজ সিকদারের মেয়ে রুনার সঙ্গে। তখন ছেলে পক্ষের দাবিকৃত যৌতুকের দেড় লক্ষ টাকা, স্বর্ণলংকার ও আসবাবপত্রসহ আরও দুই লক্ষ টাকার মালামাল দেওয়া হয়েছে। এদিকে বিয়ের দেড় বছর পর খোকনের দাবিতে ব্যবসার জন্য আরও ৭০ হাজার টাকা দেন রুনার বাবা।
রুনার ভাই আলামিন জানায়, বিয়ের দেড় বছর পর থেকেই খোকন তার পরিবারের লোকজন নিয়ে রুনার ওপর নানা কৌশলে অত্যাচার চালাতে থাকে। গত ১ বছর ধরে খোকনের দাবি ব্যবসার জন্য তাকে আরও টাকা দিতে হবে। আমরা টাকা দিতে অস্বীকার করলে খোকন গত ৪ মাস আগে মারধর করে রুনাকে তার ৫ মাসের ছেলেসহ বাবার বাড়ীতে পাঠিয়ে দিয়ে তালাকসহ নানা হুমকি দিয়ে যায়। বর্তমানে খোকন তাদের কোন খোঁজ খবর নেয়না। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ওয়ারেন্ট অফিসার এএসআই মো. বজলু।
