ডেমরায় শিশুকে ধর্ষণ : গ্রেফতার ১
ডেমরা নিউজঃ ডেমরায় ৫ বছরের এক মেয়ে শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা শুক্রবার দিনগত রাতে ডেমরা থানায় অভিযুক্ত মো. মাসুদ রানা জীবন’র (৪২) বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে পুলিশ ওই রাতেই তাকে ডেমরার পশ্চিম ধার্মিকপাড়া এলাকা থেকে গ্রেফতার করে শনিবার বেলা ১১ টায় আদালতে পঠায়। জীবন ওই এলাকার অ্যাস্কান্দারের বাড়ীর ভাড়াটিয়া ও মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থানার খালাগাঁও গ্রামের মো.মেছের আলীর ছেলে। বর্তমানে মেয়েটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই মো. আব্দুল আওয়াল বলেন, ধর্ষণের শিকার মেয়েটি জীবনের মেয়ে জান্নাতের সঙ্গে খেলাধূলা করতে প্রায়ই তাদের বাসায় আসতো। গত ৩০ ডিসেম্বর বিকালে মেয়েটি জান্নাতের কাছে খেলা করতে ওই বাসায় আসে। এদিকে জীবনের স্ত্রী একটি সাবান কারখানায় কাজ করে বলে ওই দিন তিনি বাসায় না থাকায় সুযোগ বুঝে জীবন মেয়েটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে।
