ডেমরায় শিশু ধর্ষণ চেষ্টায় গ্রেফতার ১
ডেমরা নিউজঃ ডেমরায় ৮ বছরের এক শিশু ছাত্রী ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা শনিবার রাতে অভিযুক্ত লম্পট মো. শাহ আলমের (৪০) বিরুদ্ধে মামলা করেন। ওই রাতেই পুলিশ ডেমরার বক্সনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রবিবার দুপুরে আদালতে পাঠায়। লম্পট শাহ আলম ওই এলাকার জৈনক রাসেলের বাড়ীর ভাড়াটিয়া ও যাত্রাবাড়ী থানার কলাপট্টি এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।
বাদীর বরাতে বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডেমরা থানার এসআই নাজনীন আক্তার বলেন, ভুক্তভোগী মেয়েটি প্রতিবেশী অভিযুক্ত শাহ আলমের ৯ বছরের মেয়ের সাথে খেলা করতে প্রতিনিয়ত তাদের বাসায় আসা যাওয়া করতো। ওই ধারাবাহিকতায় মেয়েটি গত (৩১ জানুয়ারী) সোমবার একইভাবে খেলতে যায় শাহ আলমের বাসায়। ওইদিন শাহ আলম বাসায় ছিল বলে মেয়েটিকে কৌশলে ধর্ষণ চেষ্টা করে ওই লম্পট। এ সময় শিশু মেয়েটি চিৎকার করলে মেয়েটিকে ভয়-ভীতি দেখিয়ে ছেড়ে দেয় শাহ আলম। প্রথমে ভয়ে মুখ না খুললেও শনিবার দুপুরে মেয়েটি তার মা বাবার কাছে সব খুলে বলে।
