ডেমরায় সেনাবাহিনীর উচ্ছেদ অভিযান
ডেমরা নিউজঃ
ডেমরায় ডিএনডির অভ্যন্তরীণ পানি নিষ্কাশন খালের অবৈধ স্থাপনা ও দখলকৃত জায়গা উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। মেজর ইফতেখার ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় বুধবার দিনব্যাপী হাজীনগর থেকে কোনাপাড়া পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার খালে এ অভিযান চালানো হয়। এ সময় খালের ওপরে ও আশপাশে অবৈধভাবে গড়ে ওঠা কল-কারখানা, বাড়ী ঘর, টং দোকান ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ অসংখ্য স্থায়ী অস্থায়ী স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে।
মেজর ইফতেখার জানান, ইতিপূর্বে ডিএনডি’র অভ্যন্তরনীণ পানি নিষ্কাশন ব্যবস্থাসহ বড় একটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। চলমান ওই প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবেই এ অবৈধ উচ্ছেদ অভিযান। এ ধরনের অভিযান আগেও চালানো হয়েছে। তিনি বলেন, এলাকার কতিপয় প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধ দখলদারেরা ডিএনডি’র অভ্যন্তরীণ খালের ওপর ও আশপাশে আধাপাকা ও পাকা বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে। নজরদারী না থাকায় খালের অনেকটাই দখল করে নেওয়া হয়েছিল।
