ডেমরায় স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
ডেমরা নিউজঃ ডেমরায় স্ত্রীর সঙ্গে অভিমান করে সোহাগ (২৭) নামে এক মাদকাসক্ত বাসের হেলাপার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার বিকালে মৃতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় কোনাপাড়া ফাঁড়ির পুলিশ। সোহাগ ঝালকাঠি জেলার ঝালকাঠি থানার চাঁদকাঠি গ্রামের মো. রুস্তম হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি তার স্ত্রী ও ১৫ মাসের এক কণ্যা সন্তানসহ ডেমরার মুসলিমগরের জনৈক হুমায়ূনের বাড়ীতে ভাড়া থাকতেন।
হুমায়ূনের বাড়ীর কেয়ারটেকার ও তার স্ত্রীর বরাত দিয়ে ডেমরা কোনাপাড়া ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. কুদ্দুস জানায়, মৃত সোহাগ লাব্বাইক পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে হেলপারের কাজ করতেন। তিনি মাদকাসক্ত ছিলেন। তার ১৫ মাসের মেয়েটিও প্রতিবন্ধী। পারিবারিক নানা বিষয় নিয়ে সোহাগ ও তার স্ত্রী সুমির মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। গত বৃহস্পতিবার তাদের মধ্যে তুমুল ঝগড়া ঝাটি হয়। পরে সোহাগ তার স্ত্রীকে শ্বশুর বাড়ীতে পাঠিয়ে দেন।
এসআই কুদ্দুস আরও বলেন, শুক্রবার রাতে খাওয়া শেষে নিজের ঘর বন্ধ করে শুয়ে পড়েন তিনি। রাতের কোন এক সময় স্ত্রীর ওড়না প্যাঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সোহাগ। শনিবার দুপুর গড়িয়ে গেলেও ঘর থেকে সোহাগ বের হচ্ছেনা বলে কেয়ারটেকার হানিফ বিষয়টি দেখতে যান। এ সময় ভেতর থেকে দরজা বন্ধ পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে হানিফ তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ ঘটনায় বিকাল সাড়ে ৩ টার দিকে খবর পেয়ে পুলিশ মৃতের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে হাসপাতাল মর্গে পাঠান। পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে মামলা হবে বলেও জানান এসআই কুদ্দুস।
