ডেমরায় সড়ক দূর্ঘটনায় নিহত ১
মো. হারুন-অর-রশিদ: ডেমরায় সড়ক দূঘটনায় আব্দুল মজিদ (৩৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোঃ রফিক (৩১) নামের আরো এক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে ডেমরা চিটাগাংরোড সড়কের সারুলিয়া জনতা হাসপাতাল সংলগ্নে এ ঘটনা ঘটে। মজিদ ময়মনসিংহ জেলার নান্দাইল থানার পাচরুহি গ্রামের ওসন মিয়ার ছেলে। সে ডেমরা সারুলিয়ার টেংরা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করত। আহত রফিক টেংরা এলাকার নূর হোসেনের বাড়ীর ভাড়াটিয়া। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় মঙ্গলবার বেলা ২টার দিকে মজিদ ও রফিক দুইজনে রাস্তা পারাপার হচ্ছিল। এমন সময় ঢাকা মেট্টো ছ-১১-৩৪৩৮ নম্বরের একটি লেগুনা গাড়ী পিছন থেকে উভয়কে সজোরে ধাক্কা দিলে আব্দুল মজিদ মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। অপরদিকে আহত রফিককে স্থানীয় হাসপাতালে প্রথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় ডেমরা ফাড়ির পুলিশ লেগুনাটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। ডেমরা ফাড়ি ইনচার্জ মোঃ আবু কাউছার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মজিদের লাশে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং রফিককে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
