leadnewsডেমরা

ডেমরায় হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার

ডেমরা নিউজঃ: ডেমরায় মো. রাব্বি (৪) নামে হারিয়ে যাওয়া একটি ছেলে শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে ডেমরা থানা পুলিশ। সোমবার রাতে ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান থানা প্রাঙ্গনে শিশুটিকে তার মা রুবিনা আক্তারের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ডেমরা থানার ওসি (তদন্ত) মো. সেলিম ও অপারেশন অফিসার মো. নূরে আলম। রোববার রাত সাড়ে ১০টার দিকে ডেমরার গলাকাটাপুল এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। হারিয়ে যাওয়া রাব্বি শরিয়তপুরের নড়িয়া থানার সালধ গ্রামের মো. সবুজের ছেলে। তিনি পেশায় একজন গাড়ি চালক। তারা বর্তমানে নারয়ণগঞ্জ রূপগঞ্জের নোয়াগ্রামে ভাড়া থাকেন।

রাব্বির মা রুবিনা জানায়, গত ১ মাস ধরে তারা রূপগঞ্জের নোয়াপাড়া এলাকায় এসেছেন। আর রোববার সকাল থেকেই ছেলেটি নিখোঁজ ছিল। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলনা। সোমবার বিকালে ডেমরা থানা পুলিশের কাছ থেকে খবর পেয়ে সন্ধায় থানায় যোগাযোগ করেন মা রুবিনা আক্তার। পরে রাব্বিকে তার কাছে ফিরিয়ে দেওয়া হয়। এ সময় ছেলেকে পেয়ে খুশিতে কান্নায় ভেঙ্গে পড়েন রুবিনা আক্তার ।

পরিবারের বরাত দিয়ে এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, রোববার রাতে স্থানীয়দের কাছে খবর পেয়ে রাব্বিাকে উদ্ধার করে থানায় আনা হয়। পরবর্তীতে ডিএমপি কন্ট্রোলরুমসহ আশপাশের থানাগুলোকে ছেলেটির বিষয়ে খবর পাঠানো হয়। পাশাপাশি স্থানীয় মসজিদ মাদ্রাসাতেও খবর দেওয়া হয়। খোঁজখবরের এক পর্যায়ে সোমবার দুপুরে জানা যায় ছেলেটির বসত বাড়ীর খবর ।