leadnewsডেমরা

ডেমরায় ১০ঘন্টা লোডশেডিংয়ে জনদুর্ভোগ চরমে

ডেমরা নিউজ:ডেমরায় শনিবারের একটানা ১০ ঘন্টা লোডশেডিংয়ে জনদুর্ভোগ চরম আকার ধারন করেছে বলে অভিযোগ উঠেছে। এদিন সকাল ১০ টা থেকেই ডেমরা থানা এলাকার ডগাইর, বাঁশেরপুল, পাড়া ডগাইর, শান্তিবাগসহ মাতুয়াইল ও সারুলিয়া এলাকায় বিদ্যুতের এ লোডশেডিংয়ের শিকার হন বাসিন্দারা। সরকারি ছুটির এ দিনে লাখো অধিবাসীরা চরম কষ্টে দিন কাটিয়েছেন। তবে বিদ্যুৎ বিভাগ বলছে শুক্রবার ওইসব এলাকায় মাইকিং করে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত লোডশেডিংয়ের কথা জানানো হয়েছে। কিন্তু শনিবার রাত ৯ টার দিকেও এলাকায় বিদ্যুৎ ছিলনা বলে তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীরা জানায়, তীব্র গরমের মধ্যে দিন কেটেছে সবার। বিদ্যুৎ না থাকার স্কুলগুলোতে গরমে অনেক কষ্ট হয়েছে শিক্ষার্থীদের। এছাড়া বাড়ীতে ফিরেও ছাত্র ছাত্রীরা পড়াশোনা করতে পারেনি। এলাকার মসজিদগুলোতেও অজুর পানি ছিলনা। এদিকে স্কুল-কলেজ ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানসহ সর্বস্তরেই পানির হাহাকার ছিল। তাছাড়া পানি না থাকায় গৃহিনীরাও ছিলেন চরম বিপাকে। ফ্রিজের মাছ মাংসসহ নানা ধরনের খাবার নষ্ট হয়েছে। কলকারখানায় উৎপাদনও ব্যাহত হয়েছে। ভুক্তভোগী লাখো মানুষ ছিলেন বেকায়দায়। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করেছে।

এ বিষয়ে মাতুয়াইল পাওয়ার ডিস্ট্রিভিউশন কোম্পানির নির্বাহী প্রকৌশলী মো. মহিবুল্লাহ মোবাইল ফোনে বলেন, সিটি কর্পোরেশনের কাজের জন্য শাট ডাউন দিতে হয়েছে। এছাড়া সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী মহোদয়ের একটি অনুষ্ঠানে সময় বেশি লাগার কারণে এলাকায় লোডশেডিং একটু বেশি ছিল। তবে ৯ টা থেকে ৫ টা পর্যন্ত লোডশেডিংয়ের মাইকিং করা হলেও দুপুর ১২ টার দিকে লোডশেডিং দেয়া হয়েছিল।