দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৬৪
ডেমরা নিউজ: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও ৫ জনের মৃত্যু হয়েছে। দেশের নতুন করে আরও ৫৬৪ জন রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত মোট ১৬৮ জন আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছেন। মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৬৬৭ জন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৯টি ল্যাবে নমুনা সংগ্রহ হয়েছিল ৫ হাজার ৬২৫টি। গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে ১৬০ জন আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা ৫ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন নারী। ২ জনের বয়স ৬০ বছরের বেশি এবং ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩ জন গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে তিনি সকলকে ঘরে থাকার এবং কিছুক্ষণ পর পর নিয়মিত সাবান পানিতে হাত ধোয়ার পরামর্শ দেন।
