leadnewsআন্তর্জাতিক

নারীদের পার্কে প্রবেশ নিষিদ্ধ করল তালেবান সরকার

আফগানিস্তানের রাজধানী কাবুলের পার্কে কোনো নারী প্রবেশ করতে পারবে না। আফগানিস্তানের তালেবান সরকার বলেছে, পার্কগুলোতে ইসলামী আইন মানা হয় না। দেশটির পাপ-পুণ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আকিফ বলেছেন, রাজধানীর পার্কগুলোতে যাতে নারীদের ঢুকতে না দেয়া হয় সে বিষয়ে পার্কের পরিচালক পক্ষকে বলা হয়েছে। বিবিসি

তিনি বলেন, গত ১৫ মাস আমরা চেষ্টা করেছি কিন্তু অনেক মানুষ পার্কে শরিয়াহ আইন মানছে না। তাই আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তালেবান আইনে নারী-পুরুষকে আলাদা চোখে দেখা হয়। এর আগে সপ্তাহে তিন দিন নারীদের পার্কে ভ্রমণের অনুমতি ছিল। বাকি চার দিন পার্কগুলো পুরুষদের জন্য উন্মুক্ত ছিল। কিন্তু এখন থেকে পার্কের দরজা নারীদের জন্য পুরোপুরি বন্ধ করে দেয়া হলো। এমনকি পুরুষ স্বজন সঙ্গে থাকলেও নারীরা পার্কে ঢুকতে পারবে না।

যেসব পার্কে নারীরা তাদের শিশু সন্তান নিয়ে যান এবং বাম্পার গাড়ি বা ফেরিস হুইলের মতো রাইড রয়েছে, সেসব বিনোদন পার্কেও নারীরা এখন থেকে নিষিদ্ধ। আপাতত রাজধানীতে এই নিষেধাজ্ঞা বহাল বলে মনে হচ্ছে। তবে অতীতে পুরো আফগানিস্তানেই এ ধরনের নিষেধাজ্ঞা ছিল।