নির্মাণ শ্রমিকদের জন্য ন্যূনতম মূল্যে রেশনিং ব্যবস্থার দাবি আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ইনসাবের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত
ডেমরা নিউজঃ ঢাকায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে নির্মাণ শ্রমিকদের জন্য ন্যূনতম মূল্যে রেশনিং ব্যবস্থার দাবিতে ইনসাবের (নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ) মানবন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি), ইনসাব ও সেইফটি এন্ড রাইটস সোসাইটি’র যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টায় সেগুনবাগিচা-তোপখানা রোড এলাকায় এসব কর্মসূচী পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইনসাবের কার্যকরী সভাপতি মো. মিজানুর রহমান বাবুল। এ সময় ওই কর্মসূচিতে বক্তব্য রাখেন ইনসাবের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ, ইনসাব কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো. সোহরাব হোসেন, যুগ্ম সম্পাদক মো. সাইফুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেনসহ ইনসাবের নেতাকর্মীরা। কর্মসছীতে ইনসাবের থানা এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের শ্রমখাতগুলোর মধ্যে নির্মাণ একটি অন্যতম বৃহৎ খাত। প্রায় ৪০ লক্ষ শ্রমিক এই খাতে কর্মরত। কিন্তু নির্মাণ খাতের অধিকাংশ শ্রমিক দৈনিক মজুরিতে কাজ করে বলে তাদের কোন নিয়মিত আয় নেই। আর নিয়মিত আয় না থাকা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে তারা চাহিদা অনুযায়ী নিজেরসহ পরিবারের খাদ্যের সংকুলান করতে পারে না। এতে তাদের পুষ্টির ঘাটতি দেখা দেয় এবং পর্যায়ক্রমে তারা কর্মক্ষমতা হারাতে থাকে।
বক্তারা আরও বলেন, যেহেতু খাদ্যের অধিকার একটি মানবাধিকার, তাই সকল নাগরিকের খাদ্য অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। আর এই দায়িত্ব তখনই পালন করা সম্ভব হবে, যখন একটি ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। তাই অবিলম্বে নির্মাণ শ্রমিকদের জন্য সর্বনিম্ন মূল্যে রেশনিং ব্যবস্থা চালু করা প্রয়োজন। পাশাপাশি চলমান দুর্যোগে সাধারণ মানুষের খাদ্য ও পুষ্টির অধিকার ও জীবিকার দুর্ভোগগুলো জনপরিসরে তুলে ধরার মাধ্যমে খাদ্য অধিকার আইন প্রণয়ন করাও প্রয়োজন।
এ সময় নেতৃবৃন্দ আগামী ১৮ জানুয়ারি নির্মাণ শ্রমিকদের দাবি দিবস সফল করার জন্য বাংলাদেশের সকল নির্মাণ শ্রমিকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
